ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আসন্ন রমজানকে উপলক্ষ্য করে চালের দাম বাড়বে না : খাদ্য সচিব

আসন্ন রমজানকে উপলক্ষ্য করে চালের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ নিশ্চয়তা দেন তিনি।


বর্তমানে যেভাবে চালের দাম বাড়ছে তাতে আগামী রমজানকে সামনে রেখে দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে- এমন আশঙ্কার কথা প্রকাশ করলে সচিব বলেন, রমজান উপলক্ষ্যে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, চালের দাম বাড়বে না। কারণ খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। মার্চ মাস থেকে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। চালের দাম ওই সময় বাড়বে না।


ওএমএস বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি ওরকম অবস্থা দেখি তাহলে ওএমএস আরও বাড়াব। খাদ্যের ব্যাপারে তো সরকারের কার্পণ্য নেই। খোলা বাজারে বিক্রিটা আরও বাড়াবো। যদি প্রয়োজন হয় ভোক্তার স্বার্থে সরকার চাল আমদানি করবে।


নাজমানারা খানুম বলেন, ২০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। এরপরও মিলাররা আমার কাছে চাল বিক্রি করতে চাচ্ছে। তার মানে কী? মোটা চালের দাম আর বাড়বে না। এটা কমেই যাবে। ধান উঠলে তো আরও কমবে। কোনো দৈব-দুর্বিপাক না হলে এপ্রিলের মাঝামাঝি সময় বোরো চাল বাজারে চলে আসবে। ফলে তো ওরকম অবস্থা হওয়ার আশঙ্কা নেই।


বিভিন্ন পর্যায়ে দাম বাড়ছে উল্লেখ করে খাদ্য সচিব বলেন, আমি মনে করি এটা নিয়ন্ত্রণ হবে সরবরাহ বাড়ানোর মাধ্যমে।

ads
ads
ads

Our Facebook Page

↑